মুন্সীগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের মুন্সীগঞ্জের বাড়ি থেকে কষ্টিপাথরের শিব নারায়ণ মূর্তি উদ্ধার করেছে র্যাব।
এ সময় গ্রেপ্তার দু'জনের দেওয়া তথ্য অনুযায়ী পাশের মনির হোসেন নামের আরেকজনের বাড়ি থেকে আরো একটি শিব নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যায় শামসুল ইসলামের সদর উপজেলার সুখবাসপুরের বাসভবনে প্রথমে অভিযান চালায় র্যাব। ভবনের নিচতলার একটি দাতব্য চিকিৎসালয়ের পরিত্যক্ত অপারেশন কক্ষে মূর্তিটি ছিল।
এ সময় বাড়ির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম (৪২) ও মঞ্জুর আলমকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
র্যাবের মুন্সীগঞ্জের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মিলন জানান, র্যাবের গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে ওই দু'জনের সঙ্গে কথা বলেন। তারা প্রায় ৮৭ কেজি ওজনের মূর্তিটির দাম চান ২০ কোটি টাকা।
ওই দামে কেনার কথা বলে মূতিটি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের ভাগ্যকূলের র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে। তারা মূর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।
এরপর সন্ধ্যায় মনির হোসেনের বাড়ি থেকে ৩৫ কেজি ওজনের আরেকটি মূর্তি উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে র্যাব কর্মকর্তা জানান।
এম শামসুল ইসলাম ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে এলে এই ভবনের দ্বিতীয় তলায় থাকেন। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24