২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 06:01 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে বসবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। সেদিন তিনি বলেন, "শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠকটি শুরু হবে।" জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগদান শেষে বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে গত ১৮ সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দেশে ফিরে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে যান। বিকালে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করেন। শুক্রবার দলীয় কোনো কর্মসূচি ছিলো না তার। ধারণা করা হচ্ছে, শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দলীয় সভানেত্রী পাবনার ঘটনা পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় সংগঠন দুটির নেতা-কর্মীরা। ওই সময় হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এবং এনডিসি মঈনুল হোসেন বাদী হয়ে ওই রাতেই জেলা ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা করেন। পরবর্তীতে তারা আত্মসমর্পণ করে। ওদিকে পাবনায় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে গত কয়েকদিনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্তত ছয়জন কর্মকর্তাকে ওএসডি, বদলি অথবা প্রত্যাহার করা হয়েছে। পাবনার ঘটনার জন্য আওয়ামী লীগ নেতারা দায়ী নয় বলে দাবি করছেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। সর্বশেষ গত ২৫ মে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, উপদেষ্টা পরিষদ ৪১ সদস্য বিশিষ্ট। এখন পর্যন্ত ১৯ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। আর কাদের পরিষদে নেওয়া যায় সে বিষয়ে সভানেত্রী পরামর্শ চেয়েছেন বলেও তিনি জানান। মন্ত্রিসভায় স্থান না পাওয়া একসময়ের প্রভাবশালী নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিলরা এখন উপদেষ্টা পরিষদের সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/পিডি/২০২৭ ঘ.