মৌলভীবাজার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদর থেকে শুক্রবার বিকালে জামায়াত-শিবিরের ১৩ জন কর্মীকে পুলিশ আটক করেছে।
এরা হলেন- উপজেলার দক্ষিণ মুচিগুল গ্রামের জুবায়ের আহমদ (১৮), কাঁঠালতলি গ্রামের হাসান আহমদ (২০), কামরুজ্জামান (২০), সুড়িকান্দি গ্রামের তরিকুল ইসলাম (২০), তারেক হোসাইন (১৮), তারেক আহমদ (১৮), সোনাতলা গ্রামের জয়নাল আবেদিন (২০), ঘোলসা গ্রামের মিছবাহ উদ্দিন (১৮), বোবারথল গ্রামের রুবেল আহমেদ (১৬), পাক শাইল গ্রামের সুমন আহমদ (২৫), কটালপুর গ্রামের সায়েদুল ইসলাম (১৯), সাতকড়াকান্দি গ্রামের কেফায়েত উল্ল্যাহ (১৬) ও গাজিটেকা গ্রামের আবু হাসান (১৮)।
বড়লেখা থানার ওসি অমল কুমার ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বড়লেখা উপজেলা শাখার ২৫-৩০ জন কর্মী পৌর এলাকায় বড়লেখা উপজেলা জামায়াতের রোকন আব্দুস শহীদের বাসায় বসে গোপন বৈঠক করছিলেন।
খবর পেয়ে পুলিশের গেলে ১০/১২ জন পালিয়ে যায়। বাকি ১৩ জনকে আটক করা হয়।
নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য তারা এ গোপন বৈঠক করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি সায়েদ আলী সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির কর্মীরা বড়লেখা জামায়াতের রোকন অসুস্থ শহীদকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাদের আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.
bdnews24