২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিডিআরের জনবল বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সীমান্ত এলাকায় বিডিআরের জনবল ও নরজরদারি চৌকি বাড়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

রাঙামাটি, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সীমান্ত এলাকায় বিডিআরের জনবল ও নরজরদারি চৌকি বাড়ানো হবে। তিনি জানান, বিডিআর পুনর্গঠনের জন্য ইতোমধ্যে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হওয়ার পর এই পুনর্গঠনের কাজ শুরু হবে। রাঙামাটির বরকল উপজেলায় ভারতের মিজোরাম সীমান্তবর্তী থেগামুখ এলাকায় প্রস্তাবিত স্থল শুল্ক ষ্টেশন স্থাপনের জন্য নির্ধারিত এলাকা ও ঠেগামুখ বিওপি পরিদর্শনকালে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। বিডিআর সদস্যরা জীবন বাজি রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর মত দায়িত্ব পালন করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, "বিডিআর পরিবারের সদস্যদের জন্য যে রেশন দেওয়া হয় তার সঙ্গে এখন থেকে ডালও দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে ভাল কাজের স্বীকৃতি হিসেবে অপারেশন উত্তোরণ পদক যাতে বিডিআর সদস্যরাও পায় সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বিডিআর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তিনি হেলিকপ্টারযোগে বরকলের ছোট হরিণা ইউনিয়নের ঠেগামুখে বিডিআর বিওপিতে আসেন। সেখানে মন্ত্রীকে পার্বত্য চট্টগ্রামে বিডিআরের কর্মকান্ড ও ঠেগামুখ এলাকায় প্রস্তাবিত স্থল শুল্ক ষ্টেশনের উপর সংক্ষিপ্ত ব্রিফিং দেন বিডিআরের রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। এই ফ্রিফিং শেষে মন্ত্রী স্থানীয় দুঃস্থ জনগনের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরে তিনি লংগদুর রাজনগর ১২ রাইফেলস ব্যাটালিয়ন পরিদর্শন শেষে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম ও স্বরাষ্ট্র সচিব সোহবান সিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০৫ ঘ.