২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল কর্মীদের সঙ্গে বসছে বিএনপি

দল চাঙা করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 07:13 AM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল চাঙা করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। দুই মাসে ছয়টি বিভাগীয় শহরে ১০টি মতবিনিময় সভা হবে। প্রথম সভা হবে আগামী ৬ ফেব্র"য়ারি সিলেটে। শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তারেক রহমানের উদ্যোগে হওয়া প্রতিনিধি সম্মেলনের আদলে এ মতবিনিময় সভা করতে যাচ্ছে বিএনপি। এবারের সভায় ২০০৫ সালের প্রতিনিধি সম্মেলন এবং তারেককে নিয়ে নির্মিত তথ্যচিত্রও দেখানো হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বর্তমানে যুক্তরাজ্যে আছেন। বিএনপির সহসভাপতি সেলিমা রহমান বলেন, দল পুনর্গঠন এবং আগামী দিনে কর্মপন্থা নির্ধারণই এ মতবিনিময় সভার লক্ষ্য। দলের সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া ও বরিশালে মতবিনিময় সভাগুলো হবে। ১০টি সভা আয়োজন সমন্বয়ের জন্য ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট বিভাগে এম ইলিয়াস আলী, চট্টগ্রামে মির্জা আব্বাস, রাজশাহীতে মিজানুর রহমান মিনু, ঢাকায় আমানউল্লাহ আমান, খুলনায় আবদুল্লাহ আল নোমান এবং বরিশালে সেলিমা রহমান এ দায়িত্ব পালন করবেন। ফখরুল বলেন, "এসব মতবিনিময় সভার উদ্দেশ্য হলো কীভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণে তৃণমূল নেতাদের ভাবনা-চিন্তা শোনা হবে। তা নিয়ে আলোচনা হবে। আগামীতে আমরা সরকারে গেলে দেশের উন্নয়নে কী করা উচিত, তাও আলোচনায় থাকবে।" তিনি বলেন, "তারেক রহমান তৃণমূল নেতাদের কাছে থেকে দেশের উন্নয়ন বিষয়ে নানা পরামর্শ নিয়ে তা সরকারকে সুপারিশ আকারে দিয়েছিলেন। সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সে সব সুপারিশের অনেকগুলো বাস্তবায়ন করা যায়নি।" কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, ইলিয়াস আলী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শরীফুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.