ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে একইসঙ্গে সুবিধাবাদীদের প্রতি সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর শনিবার দলের প্রথম বর্ধিত সভায় তিনি বক্তব্য রাখেন।
রাজধানীর গণভবনে এ সভার প্রথম অধিবেশনে দলের সদস্য ফরম পূরণ করে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধন করেন হাসিনা।
তিনি বলেন, সংগঠন শক্তিশালী না হলে সরকার সফল হয় না। তাই সংগঠনকে শক্তিশালী করতে হবে। তবে সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
"কিছু কিছু লোক আছে যারা পার্মানেন্ট গভর্নমেন্ট পার্টি হয়। সরকার বদলালে ব্যানার বদলায়। সব সময় তারা গভর্নমেন্ট পার্র্টিতে থাকতে চায়। আওয়ামী লীগে এসব লোকের দরকার নেই।"
বঙ্গবন্ধুর হত্যার রায় কার্যকরে স্বস্তি প্রকাশ করে পালিয়ে থাকা খুনিদেরও শাস্তি দেওয়ার প্রত্যয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী হাসিনা।
তিনি বলেন, "বাকি খুনিরা যেখানেই থাকুক, তাদের এনে রায় কার্যকর করা হবে। পৃথিবীটা ছোট, পালিয়ে থাকবে কোথায়?"
চার জাতীয় নেতা হত্যা, গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধের বিচার করার কথাও বলেন হাসিনা।
তিনি বলেন, "আমি বেঁচে থাকলে একে একে জাতীয় চার নেতা, গ্রেনেড হামলা , যুদ্ধাপরাধ, বিডিআর হত্যা- প্রত্যেকটি হত্যার বিচার করে যাবো। এ মাটিতে কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না।"
বিরোধী দলের 'অপপ্রচারের' বিষয়ে দেশবাসীকে সচেতন করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান।
আগামীতে নারী সদস্য বাড়ানোর আহ্বানও জানান তিনি।
শেখ হাসিনার বক্তব্যের পর সভার প্রথম অধিবেশন শেষ হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে নেতা-কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন হাসিনা।
গণভবন প্রাঙ্গণে সকাল ১১টায় হাসিনা সভা উদ্বোধন করেন। ওই সময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় পতাকা ওড়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বর্ধিত সভায় সারাদেশের আওয়ামী লীগের বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নিচ্ছেন। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী মিলিয়ে প্রায় ১০ হাজার সমবেত হয়েছেন গণভবন আঙিনায়।
আওয়ামী লীগের শেষ বর্ধিত সভাটি হয় ২০০৮ সালের মে মাসে। তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই সভা অনুষ্ঠানের সময় শেখ হাসিনা কারাগারে ছিলেন। মুক্ত হাসিনাকে ছাড়া কোনো ধরনের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয় ওই সভায়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24