২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূলেও নতুন নেতৃত্ব আনবে আওয়ামী লীগ

কেন্দ্রীয় কমিটির মতো তৃণমূল পর্যায়েও নতুন নেতৃত্ব আনছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 09:06 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কমিটির মতো তৃণমূল পর্যায়েও নতুন নেতৃত্ব আনছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবারের বর্ধিত সভায় সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন করবেন দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদস্য সংগ্রহ অভিযানের পর বিভিন্ন জেলা-উপজেলা সম্মেলন হবে বলে আশরাফ জানান। তিনি বলেন, "তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব নিয়ে আসা হবে এবং নতুন নেতৃত্ব আসবে। এতে দলে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।" গত বছরের মাঝামাঝিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নতুনদের নেতৃত্বে নিয়ে আসেন দলীয় প্রধান হাসিনা। এর আগে সরকার গঠনেও নতুনদের প্রাধান্য দেন তিনি। আশরাফ জানান, বর্ধিত সভায় অনেক গুরুত্বপর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিদ্ধান্তগুলো কী হতে পারে, তার আভাস দেননি তিনি। "সিদ্ধান্তের পর আপনাদের জানানো হবে", বলেন আশরাফ। সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বর্ধিত সভার প্রথমাংশ শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এক ঘণ্টা পর শেখ হাসিনার সভাপতিত্বে দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব শুরু হবে গণভবনে। আওয়ামী লীগের শেষ বর্ধিত সভা হয় ২০০৮ সালের মে মাসে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪৫৫ ঘ.