২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফেরার ইঙ্গিত বিএনপির

সংসদে ফেরার ইঙ্গিত দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক শুক্রবার বলেছেন, বিএনপির সংসদীয় দলের আগামী সভাতেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 07:32 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার ইঙ্গিত দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক শুক্রবার বলেছেন, বিএনপির সংসদীয় দলের আগামী সভাতেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তিনি তার গুলশানের বাড়িতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "বিএনপি সংসদে ফিরে যেতে চায়। সে লক্ষ্যে আগামী ২/১ দিনের মধ্যে সংসদীয় দলের সভা হবে। আশা করি, ওই সভাতেই সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে।" বর্তমানে নবম সংসদের চতুর্থ অধিবেশন চলছে। প্রথম অধিবেশনের পর বিএনপি আর সংসদে যায়নি। পার্লামেন্টে যাওয়ার ক্ষেত্রে ১০টি শর্ত দেয়। আগামী ২ ফেব্র"য়ারি সংসদ অধিবেশন আবার বসছে। যাওয়ার সিদ্ধান্ত নিলে আগামী সপ্তাহেই তাদের সংসদে দেখা যেতে যারে। প্রধান বিরোধী দল বিএনপি টানা ৬৬ দিন সংসদে অনুপস্থিত রয়েছে। টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ খারিজের বিধান রয়েছে। সংসদে সামনের সারিতে আসন বাড়ানোর দাবি থেকে বিএনপির সংসদ বর্জনের শুরু হয়। ফারুক বলেন, "স্পিকার আমাদের আশ্বাস দিয়েছেন, আসন সংখ্যা বাড়ানো বিষয়টি বিবেচনা করবেন। আশা করি তিনি ার কথা রাখবেন।" আসন নিয়ে শুরু হলেও পরে তা ১০ দফায় রূপ নেয়। ১০ দফার মধ্যে খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, বিরোধীদলীয় নেতার বাড়িতে তার ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা অপসারণ, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ইত্যাদি। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৩টায় শহীদ মইনুল সড়কের বাসায় জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলায় আদালতের সমন পৌঁছানো হয়। এত রাতে একজন সাবেক প্রধানমন্ত্রীর বাসায় গিয়ে সমন পৌঁছানোর বিষয়টি অমর্যাদাকর। আমরা এ ধরনের কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাই।" "বিরোধী দল যে মূহুর্তে যখন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন এ ধরনের কাজ করে সংসদে ফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে", মন্তব্য করেন ফারুক। তিনি বলেন, "সরকার বিরোধী দলকে দমনের কৌশল নিয়েছে। একদিকে তারা তাদের সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নিচ্ছে। অথচ বিরোধী দলের মামলাই প্রত্যাহার না করে নতুন করে মামলা দেওয়া হচ্ছে।" ফারুক কারাবন্দি অবস্থায় শ্রমিক দল নেতা বি এম বাকির হোসেন এবং জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিন্টুর মৃত্যুর তদন্ত দাবি করেন। সংবাদ ব্রিফিংয়ে বিএনপি দুই সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন ও আবুল খায়ের ভূঁঁইয়াও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৮ ঘ.