ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৪ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ার খবরে বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও তার সমর্থক বিভিন্ন সংগঠন 'আনন্দ' মিছিল করেছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।
অবিলম্বে বঙ্গবন্ধুর পলতাক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছে তারা। এর পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার শুরুরও দাবি জানানো হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: বৃহস্পতিবার সকালে সর্বস্তরের মানুষের ঢল নামে বঙ্গবন্ধুর সমাধিতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী টুঙ্গিপাড়ার পথে পথে বের করে 'আনন্দ' মিছিল। এ সময় তারা পালিয়ে থাকা খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানায়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বঙ্গবন্ধুর কবরের পাশে কোরআন তেলওয়াত করা হয়। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর এবং কাশিয়ানীতেও 'আনন্দ' মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ছাত্রলীগ 'আনন্দ' মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটু হলের সামনে সমাবেশ হয়। এরপর মিষ্টি বিতরণ করা হয়। জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করে আওয়ামী লীগ ও এর সমর্থক সংগঠনগুলো।
পঞ্চগড়: পঞ্চগড় শহরজুড়ে ছিল বঙ্গবন্ধুর পাঁচ খুনি ফাঁসি কার্যকরের খবর নিয়ে লোকজনের মধ্যে আলোচনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর ছিলো বাড়তি নজরদারি। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরামসহ আওয়ামী লীগের নেতারা ফাঁসির খবরে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।
সাভার: সাভারে মিছিল, শোকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও এর সমর্থক সংগঠনের নেতাকর্মীরা। সাভার বাজার বাসষ্ট্যান্ডে মিছিল বের করে আওয়ামী লীগ ও হকার্স লীগ। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে মাশরুম সেন্টারের সামনে সমাবেশ করে। পরে সন্তোষ প্রকাশ করে শোকরানা মোনাজাত হয়। এছাড়া সাভারের বিভিন্ন এলাকায় রায় কার্যকরকে স্বাগত জানিয়ে মিছিল ও মিষ্টি বিতরণ করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন স্থানে শোকরানা মোনাজাত, মিষ্টি বিতরণ ও মিছিল হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও এর সমর্থক সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক শোকরানা মোনাজাত আদায় করেন। সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।
নোয়াখালী: ফাঁসি কার্যকর হওয়ায় নোয়াখালীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগ মিছিল বের করে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করে।
শাবিপ্রবি: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও মিছিল-সমাবেশ করে।
বরগুনা: স্থানীয় আওয়ামী লীগের নেতত্বে বরগুনা আমতলী ও তালতলীতে মিছিল হয়। উপজেলার বিভিন্ন মসজিদে শোকরানা নামাজ আদায় করা হয়।
মুন্সীগঞ্জ: জেলার বিভিন্নস্থানে আওয়ামী লীগ ও এর সমর্থক সংগঠন মিছিল-সমাবেশ করেছে। সিরাজদিখান উপজেলা সদরে হাফেজ ফজলুর নেতৃত্বে যুবলীগ মিছিল বের করে। উপজেলার বিভিন্ন মসজিদে শোকরানা নামাজ আদায় করা হয়।
বাগেরহাট: বাগেরহাট শহরে আওয়ামী লীগ ও এর সমর্থক সংগঠন শোভাযাত্রা বের করে। এছাড়া জেলার মোল্লাহাট উপজেলা সদরে মুক্তিযোদ্ধারা শোভাযাত্রা ও পথসভা করেছে। এসব শোভাযাত্রা থেকে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, মাদারীপুর, ভোলা, সুনামগঞ্জ, নরসিংদী, লক্ষ্মীপুর, জামালপুর, রাজবাড়ী, বান্দরবান, নেত্রকোনা, সিরাজগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগ ও তার সমর্থক ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠন মিছিল, মিষ্টি বিতরণ ও শোকরানা আদায় করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০০২ ঘ.
bdnews24