ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন তার বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায়ও জামিন পেয়েছেন।
বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার মামুনকে ওই মামলায় জামিন দিয়েছে।
মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী সাংবাদিকদের জানান, এর ফলে মামুন তার বিরুদ্ধে দায়ের ২১টি মামলায়ই জামিন পেলেন। এখন তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
মামুন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালের ২৬ অক্টোবর তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের এ মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এজে/এইচএ/১৯২৮ঘ.
bdnews24