২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুতি রাখছে না সরকার: মোশাররফ

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 10:45 AM

Updated : 24 Aug 2022, 06:26 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ 'বাকশালী' কায়দায় দেশ পরিচালনা করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 'একদলীয় বাকশাল কায়েম ও গণতন্ত্র হত্যা দিবস' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মোশাররফ। তিনি বলেন, "সর্বত্র দলীয়করণ করে তারা (সরকার) গণতন্ত্রের লেবাসে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। জাতীয় সংসদকেও একদলীয় করে ফেলেছে।" স্বাধীনতার পর রক্ষীবাহিনীর মাধ্যমে ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় বলে দাবি করেন বিএনপি নেতা মোশারররফ। "এক দেশ, এক নেতা ও এক দলের শাসন কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিলো", বলেন তিনি। বঙ্গবন্ধু মামলার রায় কার্যকর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সভায় উপস্থিত বিএনপির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। মোশাররফ দেশের স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। দেশের গ্যাস সঙ্কটের কথা তুলে ধরে সাবেক জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী মোশাররফ বলেন, "একদিকে সরকার গ্যাস রপ্তানির জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করছে, অন্যদিকে তারা গ্যাস রেশনিং চালু করছে।" ভারতের সঙ্গে সরকারের করা বিভিন্ন চুক্তি বিস্তারিত প্রকাশের দাবিও জানান তিনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারিস্ট (এ্যাব) এর সদস্য সচিব হাসান জাফির তুহিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৩৪ ঘ.