ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলে রাজনীতি করার অধিকার হারিয়ে ইসলামী দলগুলো জঙ্গিবাদে ঝুঁকবে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
পঞ্চম সংশোধনী নিয়ে আপিল আবেদনের শুনানিতে বৃহস্পতিবার তিনি তার এ আশঙ্কার কথা প্রকাশ করেন।
ব্যারিস্টার মওদুদ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পক্ষে শুনানি করছেন।
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতে সরকার আপিল আবেদন প্রত্যাহার করে নিলে দেলোয়ার এবং জামায়াতে ইসলামীর সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার পঞ্চম দিনের শুনানি শেষ তা আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
শুনানিতে মওদুদ আহমেদ বলেন, "পঞ্চম সংশোধনী বাতিল হলে ইসলামী দলগুলো রাজনীতি করার ক্ষমতা হারাবে। তখন তারা আন্ডার গ্রাউন্ডে গিয়ে দেশে জঙ্গিবাদ-অরাজকতা সৃষ্টি করবে। এ কারণেই দেশের মানুষকে সাংবিধানিকভাবে ঐক্যবদ্ধ রাখতে পঞ্চম সংশোধনী বহাল রাখা দরকার।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজনৈতিক বিদ্বেষ থেকে পঞ্চম সংশোধনী বাতিলের চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে মওদুদ বলেন, "এখানে ধর্ম নিরপেক্ষতা টেনে আনা হচ্ছে। ক্ষমতায় আসার আগে তারা (সরকার) ইসলামের দোহাই দিলেও এখন সংবিধান থেকে ইসলাম মুছে ফেলতে চাচ্ছে।"
হাইকোর্টের ওই রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই রায়ের অভিমতে বলা হয়।
দুই সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সরকারে অংশগ্রহণকারী মওদুদ বৃহস্পতিবার শুনানিতে বলেন, "সামরিক আইন অধিকাংশ সময় গণতন্ত্রকে হত্যা করেছে। সুতরাং সামরিক আইন চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হোক।
এ সময় আদালত বলে, "আমরাও চাই সামরিক শাসন চিরতরে বন্ধ হোক।"
সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
সে দিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। তবে বর্তমান সরকার সে আবেদন প্রত্যাহার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24