২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনগণের দৃষ্টি সরাতেই সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে'

'দেশবিরোধী চুক্তি' থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতেই জিয়া পরিবারের বিরুদ্ধে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 04:17 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দেশবিরোধী চুক্তি' থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতেই জিয়া পরিবারের বিরুদ্ধে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। তারা সরকারের 'দমন-পীড়ন' এবং ভারতের সঙ্গে 'স্বার্থ বিকিয়ে দেওয়ার চুক্তির' প্রতিবাদ জানাতে জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, '' ভারতের সঙ্গে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জনগণের সাথে সরকার প্রতারণা করেছে। প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের সঙ্গে গোপন চুক্তি করেছেন। এসব বিষয় জনগণের দৃষ্টি থেকে আড়াল করতেই এখন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।" তিনি সব ভেদাভেদ ভুলে বিএনপি কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান। মহানগর বিএনপির উদ্যোগে মুক্তাঙ্গনে বিকালে এই প্রতিবাদ সমাবেশ হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস সঙ্কট, জিয়াউর রহমানের লাশ নিয়ে 'অশালীন' বক্তব্য, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নতুন মামলা দায়েরের 'ষড়যন্ত্র',দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে চুক্তি এবং বিরোধী দলের ওপর 'হামলা-মামলা-দমন-পীড়ন ও মিথ্যাচার' এর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মহানগরীর সব থানা থেকে দলীয় নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন। এর ফলে মুক্তাঙ্গন, তোপখানা সড়কসহ আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মোশাররফ হোসেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাকে সম্পূর্ণভাবে দায়ী করেন। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ অভিযোগ করে বলেন,'' সরকার সংসদকে একদলীয় সংসদে পরিণত করেছে। যেভাবে তারা দেশ পরিচালনা করছে, তাতে তাদের আর সংবিধান সংশোধনের প্রয়োজন নেই।" মওদুদও ভারতের সঙ্গে চুক্তিতে 'দেশের স্বার্থ বির্সজন' দেওয়ার অভিযোগ করে বলেন," এদের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের নেত্রীর নেতৃত্বে এই আন্দোলন শুরু হবে। '' স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম বলেন,'' আওয়ামী লীগ গত এক বছরে বিরোধী দলের আড়াই শ' নেতা-কর্মীকে হত্যা ও ২০ হাজার কর্মীকে আহত করেছে। তাদের ফ্যাসিবাদী চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।'' ঢাকার মেয়র ও দলের সহ সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ওয়ার্ড কমিশনার কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, চৌধুরী আলম, ছাত্র দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২১৩ঘ.