কুড়িগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের উপস্থিতিতে বুধবার কুড়িগ্রামে বিবাদমান দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে জেলা শাখা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকও রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
জেলা ছাত্রদলের সভাপতি হেলাল ছাড়াও সাধারণ সম্পাদক আল-হামিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ হোসেন লিটু, প্রচার সম্পাদক এনামুল, যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, যুবদল কর্মী তুষার সদর হাসপাতালে ভর্তি আছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কে কে পাল জানান, আহতরা সবাই শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিলো। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় তারা যার যার কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া। এই পরিস্থিতিতে রিজভী আহমেদ সদর উপজেলার কিছু এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে বুধবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের জিগাবাড়ি রোডের বাড়িতে যান।
সোয়া ১টার দিকে জেলা বিএনপির সাবেক আহবায়ক ওমর ফারুক গ্র"পের কিছু নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে গেলে নতুন সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্র"পের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করে। কিছুক্ষণ পরে তারা সংগঠিত হয়ে রিজভী আহমেদের সঙ্গে দেখা করার চেষ্টা করলে বাড়ির সামনে তাদের ওপর হামলা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আবু দারদা হেলাল অভিযোগ করেন, এতে তিনিসহ তাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
হামলার প্রতিবাদে ওমর গ্র"প তাৎক্ষণিকভাবে শহরে মিছিল ও সমাবেশ করে। পরে তারা সদর হাসপাতাল এলাকায় অবস্থান নেয়। রানা গ্র"প অবস্থান নেয় দাদামোড় এলাকায়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এই ঘটনাকে বিছিন্ন ঘটনা দাবি করে বলেন, "এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।
রিজভী আহমেদ জানান, বাড়ির বাইরে কী হয়েছে তা তিনি জানেন না।
এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এম কফিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২০৪০ ঘ.
bdnews24