২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দলকে প্রস্তুত হতে বললেন সাকা

প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেইসঙ্গে বিরোধী দলকে মোকাবেলায় সরকারি দলকে প্রস্তুতি নিতেও বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 01:58 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেইসঙ্গে বিরোধী দলকে মোকাবেলায় সরকারি দলকে প্রস্তুতি নিতেও বলেন তিনি। মঙ্গলবাব বিকালে মুসলিম লীগ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য এ ইঙ্গিত দেন। সালাউদ্দিন কাদের বলেন, ''বিএনপি সংসদে ফিরে যাবে না তা কোনোদিনই বলেনি। ইনশাল্লাহ আমরা সংসদে আবার ফিরে আসছি। আমরা আসছি। আপনারা (সরকারি দল) তৈরি হোন। প্রস্তুতির জন্য আপনাদের একটু সময় দিচ্ছি।'' প্রধান বিরোধী দলকে 'ছোট মরিচ' এর ঝাল এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, '' আওয়ামী লীগের সংসদ সদস্য ৩ শ' জনের মতো। আমরা মাত্র ৩০ জন। কিন্তু ছোট মরিচের ঝাল যে কি তা বুঝবেন। আমরা আসছি।'' মুসলিম লীগের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে 'প্রধানমন্ত্রীর ভারত সফর: বাংলাদেশের লাভ-ক্ষতি' শীর্ষক এই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের মহাসচিব আতিকুল ইসলাম। নবম সংসদে বিএনপি টানা ৬৪ দিন (মঙ্গলবার পর্যন্ত) অনুপস্থিত রয়েছে। প্রথম অধিবেশনে যোগ দিলেও দ্বিতীয় অধিবেশন অর্থাৎ জুন মাসের বাজেট অধিবেশন থেকে বিএনপি সামনের সারিতে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে সংসদ বর্জন শুরু করে। পরে খালেদা জিয়ার বাড়ির লিজ সংক্রান্ত আদেশ বাতিল, মামলা প্রত্যাহারসহ ওই দাবি ১০দফায় পরিণত হয়। সংসদে নিজ দলের টানা অনুপস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে সালাউদ্দিন কাদের বিগত সংসদগুলোতে আওয়ামী লীগের উপস্থিতি তুলে ধরেন। এ সম্পর্কে তিনি বলেন, "সংসদে না যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের হিসেবটা কেমন তা আমি একটু তুলে ধরতে চাই। অষ্টম সংসদে আওয়ামী লীগ ৩৭৩ কর্মদিবসের মধ্যে অনুপস্থিত ছিল ২২৩ দিন। পঞ্চম সংসদে তারা ৪০০ কর্মদিবসের মধ্যে ১৩৫দিন অনুপস্থিত ছিলো। আমরা সবে মাত্র এ সংসদের ৮৬ কর্মদিবসের মধ্যে ৬৩দিন (সোমবার পর্যন্ত) সংসদে যাইনি। আর যাব না এটা বলিনি।" বিএনপির বিরুদ্ধে 'ভারতবিরোধিতার' কথিত অভিযোগ নাকচ করে দিয়ে সালাউদ্দিন কাদের বলেন, "আমরা ভারতবিরোধী নই। তবে দেশের সাধারণ মানুষের পক্ষে, তাদের স্বার্থ রক্ষায় কথা বলি। সীমান্তে আমাদের মানুষকে হত্যা করা হলে তার প্রতিবাদ করি আমরা। গঙ্গার পানির ন্যায্য হিস্যার কথা বলি আমরা। দেশের স্বার্থে কথা বললে যদি ভারতবিরোধিতা হয়- তাহলে এটা দুঃখজনক।" মুসলিম লীগের সভাপতি জি এ খানের সভাপতিত্বে আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ডেমোক্রেটিক এলায়েন্সের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ-এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫০ ঘ.