২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কোন্দলে উত্তেজনা ব্রাহ্মণবাড়িয়ায়

দলীয় কোন্দলের জের ধরে বিএনপির সহসভাপতি হারুণ আল রশীদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে শনিবার সন্ধ্যায় বোমা হামলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 06:03 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কোন্দলের জের ধরে বিএনপির সহসভাপতি হারুণ আল রশীদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে শনিবার সন্ধ্যায় বোমা হামলা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। হামলার জন্য দলের অন্য পক্ষকে দায়ী করেছেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী হারুণ। হামলার প্রতিবাদে রোববার সকালে হারুণের নেতৃত্বে জেলা শহরে মিছিল হয়েছে। এদিকে দুপুরে শহরের কান্দিপাড়া থেকে সাতটি বোমা উদ্ধার করেছে পুলিশ। জেলা বিএনপির আসন্ন কাউন্সিলের আগে কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। আগামী মঙ্গলবার সম্মেলনের দিন ঠিক রয়েছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে হারুণের বাড়িতে বোমা হামলা হয়। হারুণ সাংবাদিকদের বলেন, "সম্মেলন বানচাল করার উদ্দেশ্যে রুহুল আল মাহবুব মানিকের (বুস্টার মানিক) সমর্থকরা এ হামলা চালিয়েছে।" হামলাকারীরা বাড়ির আসবাবপত্র এবং গাড়ি ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেন তিনি। বোমা হামলার প্রতিবাদে হারুণের সমর্থকরা রাত ১০টায় শহরে বিক্ষোভ মিছিল বের করে। তখন টিএ রোড এলাকায় তিনটি বোমা বিস্ফোরিত হয়। এরপর শহরবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ। এদিকে মানিক সাংবাদিকদের বলেছেন, "হারুণ আল রশীদ তার ব্যর্থতা ঢাকার জন্য নিজের পালিত সন্ত্রাসীদের দ্বারা নিজের বাড়িতে হামলা চালিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।" পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে কান্দিপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি বোমা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.