ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি যেন আর না হয়, সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি অভিযোগ করেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসন দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার জেপির কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখেন মঞ্জু। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মঞ্জু বলেন, "ওয়ান-ইলেভেনের হোতারা আজও হুমকি দিয়ে বেড়ায়। তারা আবার সেই নৈরাজ্য ও গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করে আরেকটি ওয়ান-ইলেভেন তৈরি করতে চায়। তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।"
"রাজনীতিবিদদের চরিত্র হনন করে ক্ষমতা দখলের মাধ্যমে গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থা বিনষ্ট করে দেশকে তারা ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে", বলেন তিনি।
জরুরি অবস্থার সময় আওয়ামী লীগ প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরীণ হওয়ার কথা তুলে ধরে জেপি চেয়ারম্যান বলেন, "তাকেও কারারুদ্ধ করেছিল সেই হোতারা। তার মনে ক্ষোভ ও যন্ত্রণা রয়েছে। তিনি গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগুচ্ছেন বলে আমি মনে করি।"
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পকোন্নয়নের ওপর জোর দিয়ে সাবেক মন্ত্রী মঞ্জু বলেন, "দুই দেশের মধ্যে সুসম্পর্ক জরুরি। আমাদের মনে রাখতে হবে, বিচ্ছিন্ন থেকে কোনো দেশের উন্নতি সম্ভব নয়।"
আওয়ামী লীগের আগের সরকারে যোগাযোগমন্ত্রী ছিলেন আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করেন।
তিনি বলেন, "দেশের স্বার্থ রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই ভারতের সঙ্গে সন্ত্রাস নির্মূূল বিষয়ক তিনটি চুক্তি করা হয়েছে। এখানে দেশের কোনো স্বার্থ বিঘি
bdnews24