২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিম ফিরছেন বুধবার

সাত মাসের বেশি সময় বিদেশ থাকার পর বুধবার সকালে দেশে ফিরছেন আলোচিত পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (সোহেল তাজ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 01:59 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাজীপুর প্রতিনিধি ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত মাসের বেশি সময় বিদেশ থাকার পর বুধবার সকালে দেশে ফিরছেন আলোচিত পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তানজিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে স্থানীয় সময় সোমবার রাতে রওনা দেওয়ার জন্য একটি টিকেট কিনেছেন তিনি। ওয়াশিংটন ডিসির ডালেস বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে রওনা হবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে গাজীপুর-৪ আসনের এই সাংসদ। কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সোহেল তাজ দেশে ফিরবেন বলে শুনেছি। তার আগমনের খবরে আমরা আনন্দিত। "তবে তিনি দেশে আসার পর তাকে অভ্যর্থনা ও সংবর্ধনা না দেওয়ার কথা আগাম জানিয়ে দিয়েছেন। তারপরও আমরা বিমানবন্দরে যাবো। তার আসার খবরে এলাকাবাসীর ঘরে ঘরে আনন্দের বাতাস বইছে।" তিনি জানান, তানজিম দেশে না থাকলেও তার সঙ্গে টেলিফোনে সকল বিষয়ে সমন্বয় হতো। কাপাসিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, "সোহেল তাজ বাংলাদেশ ও কাপাসিয়াকে ভুলে থাকতে পারেন না।" কাপাসিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান জানান, কোনো আয়োজন না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী ওইদিন বিমানবন্দরে নেতাকে স্বাগত জানাতে যাবে। "সোহেল তাজ ছাড়া আমরা অভিভাবকহীন ছিলাম। তার আসার খবরে আমি এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারছি না", বলেন তিনি। পদত্যাগ ও বিদেশ যাত্রা: তানজিমের পদত্যাগ নিয়ে গত বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জনধর্মী খবর প্রকাশ করে দেশের প্রায় সবগুলো গণমাধ্যম। এবিষয়ে সরকার ও তানজিমের সুস্পষ্ট কোনো বক্তব্য না থাকায় এনিয়ে কয়েকদিন ধরে দেশজুড়ে গল্পের ডালপালা ছড়ায়। ঠিক কোনদিন তিনি পদত্যাগ করেছেন তাও আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার। ৯ জুন যুক্তরাষ্ট্র যান তানজিম আহমেদ। এরপর প্রচারমাধ্যমে তার ফেরার কয়েকটি সম্ভাব্য তারিখ প্রকাশ পেলেও ফেরেননি তিনি। ১৯ জুলাই ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ড জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের বলেছেন, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই তিনি দেশে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তানজিম আহমেদ বলেন, "যে কোনও মানুষের কাছে নীতি, আদর্শ ও আত্মসম্মানবোধই বড়।" ২১ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে আমি কিছুই জানি না। তিনি ছুটিতে আছেন এটুকু জানি।" সর্বশেষ ১০ সেপ্টেম্বর পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য করা হয়। এর আগে বিডিআর বিদ্রোহের সময়ও তানজিম বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৯৫২ ঘ.