ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল, প্রবাসী ও পেশাজীবী সংগঠনগুলোকে সাংগঠনিক কাঠামো থেকে বাদ দিয়ে নির্বাচন কমিশনে (ইসি) সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।
গঠনতন্ত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র দুইদিন আগে বৃহস্পতিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দলের কাউন্সিলে অনুমোদিত গঠনতন্ত্র জমা দেয়।
এতে কৃষক দল এবং বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কে-ও সাংগঠনিক কাঠামোর বাইরে রাখা হয়েছে।
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল বিএনপি গত ৮ ডিসেম্বর তাদের পঞ্চম জাতীয় কাউন্সিল সম্পন্ন করে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২৪ জুলাই কাউন্সিল সম্পন্ন করে ২৫ জুলাই ইসিতে সংশোধিত গঠনতন্ত্র জমা দেয়।
এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচন কমিশনে সংশোধিত দলীয় গঠনতন্ত্র জমা দিল।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে সংশোধিত দলীয় গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
নির্ধারিত সময়ের আগে দলীয় গঠনতন্ত্র জমা দেওয়া দেশের রাজনীতির জন্য 'ইতিবাচক' মন্তব্য করে সিইসি এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের বলেন, "নির্ধারিত সময়ের আগে দুই দল ছাড়া সবার স্থায়ী গঠনতন্ত্র আমরা পেয়েছি। এটা খুবই আনন্দের বিষয়। রাজনৈতিকভাবেও তা খুবই ইতিবচাক।"
গঠনতন্ত্র জমা দেওয়ার পর বিএনপির প্রতিনিধি দলের প্রধান নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আরপিও-র সঙ্গে সমন্বয় রেখে কাউন্সিলে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে এবং তা ইসির কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ছাত্রদল ও শ্রমিক দল তাদের নিজেদের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হবে।"
তিনি জানান, প্রবাসী সংগঠন, ড্যাবসহ পেশাজীবী সংগঠনগুলো বিএনপির সঙ্গে আদর্শগতভাবে কাজ করবে। তবে সাংগঠনিকভাবে তারা বিএনপির সঙ্গে থাকছে না।
এ বিষয়ে সিইসি বলেন, "দলগুলোর গঠনতন্ত্রের প্রতিটি ধারা আমরা পর্যালোচনা করবো। কোনো ধরনের অসামঞ্জস্য পেলে তা পুনরায় চিঠি দিয়ে সংশোধনের জন্য জানানো হবে।"
তিনি জানান, নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে গঠনতন্ত্র জমা দিতে বাকি রয়েছে শুধু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ফ্রিডম পার্টি।
ইসির কর্মকর্তারা জানান, বাসদ ইতোমধ্যে কাউন্সিল সম্পন্ন করেছে। তাদের ২৪ জানুয়ারি চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়ার কথা। তবে ফ্রিডম পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, 'বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে' যথাসময়ে তাদের পক্ষে সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়া সম্ভব হবে না।
এ বিষয়ে সিইসি বলেন, "ফ্রিডম পার্টি যথাসময়ে তা জমা দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী নিবন্ধন বাতিল হবে।"
যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও রিজভী আহমেদ বিএনপির প্রতিনিধি দলে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/২০২৩ঘ.
bdnews24