ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সম্পদ রক্ষা ও জনগণের স্বার্থে পরিচালিত আন্দোলন ঠেকাতে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দেশীয় দোসররা ছাত্র সমাজের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নেতা খালেকুজ্জামান।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে 'ঊনসত্তরের গণ অভ্যুত্থানের চেতনা ও আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ঊনসত্তরের গণ অভ্যুত্থানের শহীদ আসাদের স্মরণে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসাবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
খালেকুজ্জামান বলেন, "এদেশের ইতিহাসের বাঁকে বাঁকে অধিকাংশ আন্দোলন-সংগ্রামে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। তাই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ ও তাদের দেশীয় দোসররা ছাত্র সমাজের বিরুদ্ধে নেমেছে।"
জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস বলেন, পাকিস্তানী ধনিক শ্রেণী এবং আজ বাংলাদেশী ধনিক শ্রেণী একই কাজ করছে।
তিনি বলেন, "জনগণের প্রকৃত মুক্তির জন্য আসাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।"
"৪৭'র আগে ও পরের সব সংগ্রামে বামপন্থীরা নেতৃত্ব দিয়েছে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৬০'র দশকের মাঝামাঝি 'বিভ্রান্তি ও বিভক্তির কারণে' তা বুর্জোয়া গণতান্ত্রিক শক্তির হাতে চলে যায়।
আলোচনা সভার পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা থেকে শহীদ আসাদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা।
৫ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24