ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মঙ্গলবার সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "শিক্ষাঙ্গনে অস্ত্র দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত ও অস্থিতিশীল করার জন্য যারাই জড়িত থাকুক না কেন, তাদের কঠোর হস্তে দমন করা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এ বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ছাত্রলীগের কর্মীদেরও সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে।
এ সময় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে টেবিল চাপড়ে স্বাগত জানান সাংসদরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে বলেন, "ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে সংগঠনের পদবঞ্চিত অংশ তাদের ধাওয়া করে। ছাত্রদলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ৬-৭ ঘণ্টা রণক্ষেত্রে পরিণত হয়।"
দুই গ্র"পের সংঘর্ষ থামাতে গিয়ে শাহবাগ থানার ওসিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন আহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
একটি ছাত্র সংগঠনের কমিটিতে পদ নিয়ে এ ধরনের সংঘর্ষের ঘটনা 'দুঃখজনক' বলে মন্তব্য করে সাহারা খাতুন বলেন, "এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত হওয়ার ঘটনার নজির পাওয়া যায় না।"
এ সময় সাংসদরা 'শেইম, শেইম' বলে ধিক্কার প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্টের সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। শিক্ষাঙ্গনে অস্ত্র হাতে কোনো ক্যাডার আমরা দেখতে চাই না। এসব সন্ত্রাসীর হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।"
তিনি এ ধরনের 'ন্যক্কারজনক' ঘটনার জন্য দায়ীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার ঘোষণা দেন।
শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বারষ্ট্রমন্ত্রী আবারো বলেন, "সন্ত্রাসী সে যে দলেরই হোক না কেন, এমনকি যদি আওয়ামী লীগেরও হয় তাহলেও ক্ষমা করা হবে না।"
সামনের সারিতে আসন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত জুন মাস থেকে সংসদ অধিবেশন বয়কট করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ওই সংঘর্ষে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বেশ কয়েকজন আহত হয়। ছাত্রদল ঘটনার প্রতিবাদে মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে এ ঘটনার জন্য দায়ী করেছে।
ধর্মঘটের কারণে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম, ক্লাসও হয়েছে হাতেগোনা। তবে পরীক্ষাগুলো চলছে। ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেআরসি/এজে/এসকে/২২১৪ঘ.
bdnews24