ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের একজন সাংসদ মঙ্গলবার সংসদে বারবার যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি রাগে-ক্ষোভে বসে পড়েন।
সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত একটি রাস্তা নির্মাণের ব্যাপারে কথা বলতে চাইছিলেন সুনামগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ এম এ মান্নান।
মান্নান তার কথা শোনার জন্য উপর্যুপরি যোগাযোগ মন্ত্রীর প্রতি অনুরোধ জানান। কিন্তু মন্ত্রী তার এ অনুরোধে সাড়া না দিয়ে বরং অপর এক মন্ত্রী ও সাংসদের সঙ্গে আলাপে মগ্ন ছিলেন।
মান্নান তার জনগুরুত্বসম্পন্ন নোটিশটি পড়ার সময় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমি দেখতে পাচ্ছি করিতকর্মা মন্ত্রী অপর এক মন্ত্রীর সঙ্গে গল্প করছেন। মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি।"
এরপর তিনি আবারও বলেন, "আমি আবারো যোগাযোগ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি।"
এম এ মান্নানের এই অনুরোধ শুনতে পেয়ে যোগাযোগ মন্ত্রী এবং তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের মাঝের আসনে বসা আব্দুল মতিন খসরু কথা বলা বন্ধ করেন। কিন্তু দুই মন্ত্রী আগের মতোই তাদের আলাপন চালিয়ে যান।
এসময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী এবং তিনিও এব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, অধিবেশনে কেউ বক্তব্য রাখার সময় সাংসদরা কথা বলতে পারেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৩৭ ঘ.
bdnews24