ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে মঙ্গলবার তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলের নেতা-কর্মীরা।
বেলা পৌনে ১২টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেয়।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাসসহ সহস্রাধিক নেতাকর্মী ছিলেন সেখানে।
খালেদা জিয়ার এরপর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
জিয়ার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।
এছাড়া ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আলোচনা সভা করবে দলের সহযোগী সংগঠনগুলো ।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাকে 'বীরোত্তম' উপাধি দেয়। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র করেছিলেন জিয়া, ওই কারণে বিএনপি তাকে 'স্বাধীনতার ঘোষক' হিসেবে দেখে থাকে।
জিয়া পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ও দেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামের সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের হতে নিহত হন তিনি।
জিয়া ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24