ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ভারত সফরে সাফল্যের দাবি আত্মপ্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।
তিনি মঙ্গলবার বলেছেন, "প্রধানমন্ত্রীর সফরে সম্পাদিত চুক্তি তিনটি বরং ভারতের কূটনৈতিক সাফল্যের প্রমাণ।"
এতে বাংলাদেশের কোনো লাভ হয়নি দাবি করে নিজামী বলেন, "হয় তিনি (প্রধানমন্ত্রী) দিল্লিকে খুশি করার চেষ্টা করেছেন, নয় এটা কূটনৈতিক ব্যর্থতা।"
চারদলের বৃহত্তম শরিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও রোববার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে দেশ বিকিয়ে এসেছেন। ভারত সফরে একটি গোপন চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিজামীও বলেন, "একটি গোপন চুক্তি হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এতে দেশবাসী উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।"
তবে কথিত গোপন চুক্তির বিষয়টি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার অভিযোগের প্রমাণ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
নিজামী বলেন, তিনটি চুক্তিই ভারতের প্রয়োজনে এবং ভারতের নিরাপত্তার স্বার্থেই স্বাক্ষরিত হয়েছে।
"দুর্বল প্রতিনিধি দল নিয়ে শেখ হাসিনা আলোচনার জন্য নয়, বরং চুক্তি স্বাক্ষর করতে দিল্লি গিয়েছিলেন।"
শেখ হাসিনার ভারত সফরের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় চারদলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামী।
প্রধানমন্ত্রী বলেছিলেন, তার সফর শতভাগ সফল।
নিজামী আওয়ামী লীগের আগের আমলের গঙ্গার পানি বণ্টন চুক্তি ও পাবর্ত্য শান্তি চুক্তির কথা তুলে ধরে বলেন, "দেশের বেশিরভাগ জনগণ মনে করে এগুলো দেশের স্বার্থবিরোধী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।"
পাবর্ত্য শান্তি চুক্তির সময় জামায়াতসহ তাদের মিত্রদের পক্ষ থেকে বলা হয়েছিলো- দেশের ওই অংশ ভারতের হয়ে যাবে। এ তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে নিজামীর কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন- "১১ বছরেও দেশের ওই অংশ ভারতের হয়নি, আপনাদের বক্তব্য অনুযায়ী তা কবে নাগাদ হবে?"
এর উত্তর এড়িয়ে জামায়াত আমির বলেন, "আপনার প্রশ্ন শুনলাম, কিন্তু বাস মিস হয়ে গেছে।" একথা বলে সংবাদ সম্মেলন শেষ করেন তিনি।
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটিকে সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন নিজামী।
তিনি বলেন, "আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী আন্দোলন যেন দানা বাঁধতে না পারে, সে জন্য সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে।"
চট্টগ্রামে অস্ত্রসহ শিবির নেতা গ্রেপ্তারও সাজানো বলে দাবি করেন তিনি।
রোববার রাতে চট্টগ্রামের মিস্ত্রী পাড়ায় জামায়াত ইসলামীর কর্মী ডা. এনামুল হক ও মহানগর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহর মালিকানাধীন চারতলা 'হক ভিলায়' অভিযান চালিয়ে ১২ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
নিজামী বলেন, "আন্দোলনকারী শক্তি যেন এগোতে না পারে সেজন্য অস্ত্র ঢুকিয়ে এ ঘটনা সাজানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24