ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে সোমবার রাতে দেশত্যাগে বাধা দিয়েছে অভিবাসন পুলিশ।
কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে তাকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা আটকে দেন।
রাত ৯টা ১০ এ তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।
কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক আল কুদস সম্মেলনে যোগ দিতে কুয়ালালামপুর যাওয়ার জন্য বিমান বন্দরে উপস্থিত হয়েছিলাম। ইমিগ্রেশনের লোকেরা আমাকে যেতে বাধা দিয়ে বলেছে 'আপনার বিদেশ ভ্রমণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে'। এরপর আমি ফিরে এসেছি।"
ইমিগ্রেশনের ওসি মাসুম আহমেদ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাত ৯টা ১০ এ মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে (এমএইচ ১৯৭) তার কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। এজন্য সোয়া ৮টার দিকে বিমান বন্দরে উপস্থিত হলে তাকে যেতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসকে/২২০৫ঘ.
bdnews24