ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন।
সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, জ্যোতি বসুর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে মঙ্গলবারই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গত রোববার মারা যান। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদী গ্রামে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে জ্যোতি বসু সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় তাকে দেখতে যেতে না পারায় আক্ষেপ করেছিলেন তিনি।
সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেছিলেন, "জ্যোতি বসুর স্বাস্থ্য নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। তিনি বাংলাদেশ এবং ভারতে সমধিক শ্রদ্ধার পাত্র। এ সফরে তার সঙ্গে আমার দেখা করার খুবই ইচ্ছা ছিল। তবে শেষ পর্যন্ত পারলাম না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/বিএম/এজে/জিএনএ/১৮২৭ ঘ.
bdnews24