২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭২ এ ফিরতে বিসমিল্লাহ বাতিল করতে হবে: মওদুদ

নিবর্তনমূলক আইন বাতিল না করলে সরকার '৭২ সালের সংবিধানের ফিরে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবর্তনমূলক আইন বাতিল না করলে সরকার '৭২ সালের সংবিধানের ফিরে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "সরকার কখনেই মূল সংবিধানে যেতে ফিরে যেতে পারবে না। '৭২ সালের সংবিধানে ফিরে যেতে হলে নিবর্তনমূলক আইন ও বিসমিল্লাহ বাতিল করতে হবে; যা কখনোই তারা করতে পারবে না।" আওয়ামী লীগ নেতারা মুখে যা বলেন তা তারা কখনোই বাস্তবায়ন করেন না বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আইনমন্ত্রী শফিক আহমেদসহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা বলছেন, সরকার ১৯৭২ সালের মূল সংবিধানে ফিরে যাবে। প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ নামক সংগঠনের ব্যানারে 'সংবিধানের পঞ্চম সংশোধনী বাংলাদেশের রক্ষাকবজ' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় রক্তব্য রাখছিলেন মওদুদ। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, "পঞ্চম সংশোধনীর বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমরা আশা করছি, শুনানির মাধ্যমে সর্বোচ্চ আদালত হাইকোর্টের দেওয়া রায় বাতিল করবেন।" ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্টের এক বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। তবে ওইদিনই সে রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রায় স্থগিত নিয়ে বিএনপি সরকারের ওই আবেদন প্রত্যাহারের আবেদন জানালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ তা মঞ্জুর করে। এরপর বিএনপি মহাসচিব হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আবেদন করেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই আবেদন নিয়ে শুনানি শুরু হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের সরকারি উদ্যোগের সমালোচনা করে মওদুদ বলেন, "বাংলাদেশের সংবিধানে সব মানুষের রাজনীতি করার অধিকার আছে। কমিউনিস্ট ও নাস্তিকরা রাজনীতি করতে পারলে ইসলামী মনোভাবাপন্ন মানুষরা রাজনীতি করার অধিকার পাবেন না কেন? এটা কোনোভাবে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।" তিনি আরো বলেন, "আমরা বিভাজনের রাজনীতি থেকে মুক্তি চাই। সব মানুষকে রাজনীতি করার অধিকার দিতে হবে। সংবিধন ও দেশের বিরুদ্ধে কেউ গোপন রাজনীতি করে থাকলে, অবশ্যই বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।" সংগঠনের নির্বাহী পরিবচালক সাদেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান, কোষাধ্যক্ষ আবদুল মান্নান, সাংবাদিক আবদুল হাই শিকদার, বাকের হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৮৫৪ ঘ.