২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুপাক্ষিক যোগাযোগ নয়, আমরা শুধু ভারতমূখীতার বিরোধী: খালেদা

বিএনপি প্রধান খালেদা জিয়া বলেছেন, তার দল আঞ্চলিকভিত্তিতে বহুপাক্ষিক যোগাযোগ ব্যবস্থার বিপক্ষে নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 03:07 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি প্রধান খালেদা জিয়া বলেছেন, তার দল আঞ্চলিকভিত্তিতে বহুপাক্ষিক যোগাযোগ ব্যবস্থার বিপক্ষে নয়। তিনি বলেন, সরকারের শুধুমাত্র 'ভারতমূখী নীতিরই' তারা বিপক্ষে। রোববারের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন,'' আমরা আঞ্চলিক ভিত্তিতে বহুপাক্ষিক প্রকৃত কানেকটিভিটির বিপক্ষে নই। সেই কানেকটিভিটিতে নেপাল, ভুটান, শ্রীলংকা, চীন, মিয়ানমার, থাইল্যান্ডসহ বন্ধুপ্রতিম সব দেশকে যুক্ত করার কথা আমরা সব সময় বলে এসেছি।" দু'বার প্রধানমন্ত্রী হওয়া খালেদা বলেন, এ কারণেই তারা এশিয়ান হাইওয়ের 'সুনির্দিষ্ট রুট ম্যাপ' অনুমোদন করেছিলেন। আজ তা পরিবর্তন করে শুধুমাত্র ভারতকে 'করিডোর' দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, "জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে সরকারের সবকিছুকে কেবল ভারতমুখী, ভারতকেন্দ্রিক ও ভারতীয় স্বার্থের অনুকূল করার নীতির আমরা সর্বতোভাবে বিরোধিতা করছি।'' সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন, ভারত থেকে আড়াইশ' মেগাওয়াট বিদ্যুৎ আনার আসল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম নেওয়ার নামে ভারতকে স্থায়ীভাবে ট্র্যানজিট সুবিধা দেওয়া। খালেদা মন্তব্য করেন," প্রধানমন্ত্রী এবার ভারত সফরে গিয়ে সেটাই করে এসেছেন।'' শেখ হাসিনার সফরকালে ভারত সেদেশের জাতীয় গ্রিড থেকে চরম বিদ্যুৎ সঙ্কট আক্রান্ত বাংলাদেশকে আড়াইশ' মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২০৩ঘ.