২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের ব্যাপারে প্রধানমন্ত্রীর 'ঔদাসীন্যে' খালেদার দুঃখ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি 'ঔদাসীন্য' দেখানোর অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি 'ঔদাসীন্য' দেখানোর অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভারত সফর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরদিন এটি আয়োজিত হয়। খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বলেন,'' প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে শুধুমাত্র রবি ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়ে এসেছেন। অথচ আমরা সকলে জানি, দুদেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ও নজরুল উভয়ের গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে।" জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি এই 'ঔদাসীন্য' বাংলাদেশের জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেন তিনি। নজরুলের গান বাংলাদেশের রণসঙ্গীত এবং তিনি এ দেশের জাতীয় কবি- লিখিত বক্তব্যে এ কথা উল্লেখ করে খালেদা বলেন, "তার সাহিত্য আমাদের ব্রিটিশ উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে অপরিসীম প্রেরণা যুগিয়েছে।" এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের গান যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তা-ও উল্লেখ করেন খালেদা। খালেদা জিয়া ক্ষোভের সুরে বলেন,'' প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আমাদের জাতীয় কবিকে সম্পূর্ণ উপেক্ষা করে কেবল রবীন্দ্র জয়ন্তী যৌথভাবে উদযাপনে সম্মতি দিয়েছেন।'' বাংলাদেশ সাংস্কৃতিক আগ্রাসনের শিকার-এ অভিযোগ করে তিনি বলেন, "দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো ভারত নানা অজুহাতে দেখাচ্ছে না। এটা অন্যায়।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০২২ঘ.