ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারত সফরে প্রধানমন্ত্রী একটি গোপন চুক্তি করেছেন অভিযোগ করে তার বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন পর রোববার বিকালে সংবাদ সম্মেলনে সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
খালেদা বলেন, "জাতিকে অন্ধকারে রেখে গোপন চুক্তি করা হয়েছে। কী চুক্তি হয়েছে তা জনসমুখে প্রকাশ করা হোক। বাংলাদেশের মানুষ তাকে (হাসিনা) কোনো ম্যান্ডেট দেয়নি। তিনি দেশ বিক্রি করে দিয়ে এসেছেন।"
তিনি আরও বলেন, "এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এরপরও আমরা এ সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা তাদের এক বছরেরও বেশি সময় দিয়েছি। কিন্তু আমরা ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে তারা হরতাল দিয়েছিল।"
বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি সারা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে। জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছে।
সারা বাংলাদেশের মানুষ এ সরকারের বিরুদ্ধে সোচ্চার দাবি করে খালেদা বলেন, মানুষ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে অতিষ্ঠ।
বিএনপির আন্দোলন কী হবে এমন প্রশ্নের জবাব স্পষ্ট না করে খালেদা বলেন, "প্রথমত এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিকভাবেই এটা মোকাবেলা করা হবে। আন্দোলন কী ধরনের হবে তা আপনারা দেখতেই পাবেন।"
প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
সবগুলো চুক্তি ভারতের স্বার্থে বলে দাবি করে খালেদা জিয়া বলেন, যৌথ বিবৃতিতেই তা স্পষ্ট।
ক্ষমতায় গেলে চুক্তিগুলো বাতিল করা হবে কিনা- জানতে চাওয়া হলে বিএনপি চেয়ারপারসন বলেন, তারা এখনো ওই সব চুক্তির বিস্তারিত জানেন না।
প্রধানমন্ত্রীর সফরে ভারত লাভবান হয়েছে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। সফরে তিনি ভারতকে সব উজাড় করে দিয়েছেন।
"প্রধানমন্ত্রীর সফর ভারতের জন্য শতভাগ সফল হলেও বাংলাদেশ কিছু পায়নি।"
শেখ হাসিনা তার ভারত সফর শতভাগ সফল বলে জানিয়েছিলেন। বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শনিবার বলেছিলেন, "শেখ হাসিনা দেশ বেচে না। আমরা (আওয়ামী লীগ) এটা করি না, করতে পারি না। এদেশের জন্য আমার মা-বাবা প্রাণ দিয়েছে, ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। যারা বলে আমরা দেশে বিক্রি করে দিয়েছি, তারা কী উদ্দেশে এটা বলে, তা সবাই জানে।"
প্রায় ৪৫ মিনিটের লিখিত বক্তব্যে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান খালেদা। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আন্দোলনের কর্মসূচি পরে দেওয়া হবে।
সংসদে ফিরতে প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা বলেন, "দাসখত দিয়ে আসার পর আলোচনার অবকাশ কোথায়। ভারত সফরে যাওয়ার আগেই আলোচনা করে জাতীয় ঐকমত্য স্থাপন করা প্রধানমন্ত্রীর উচিত ছিলো। আমরা আহ্বানও জানিয়েছিলাম। কিন্তু তিনি তা করেননি। তাহলে আন্দোলনের বিকল্প কী।"
সংসদে না যাওয়ার বিষয়টি সরাসরি নাকচ না করে তিনি বলেন, "পরিবেশ তৈরি হলেই আমরা সংসদে যাবো। আমরা কখনোই বলিনি সংসদে যাবো না।"
টিপাইমুখ নিয়ে জাতি উদ্বিগ্ন জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী শুধু একটি আশ্বাস সম্বল করে ফিরেছেন।
সম্ভাব্য তিস্তা চুক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ আগের মতোই গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করতে চায়। যাতে বাংলাদেশের স্বার্থহানি ঘটবে।
আওয়ামী লীগ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপ কখনো নেয়নি দাবি করে খালেদা বলেন, তারা বিষয়টি ভারতের করুণার ওপর ছেড়ে দিয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা দাবি করেন, বন্দর ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ এবং মংলা বন্দর ১০ শতাংশ বর্তমানে ব্যবহার হয় জানিয়ে প্রধানমন্ত্রী শনিবার বলেছিলেন, এ দুটি বন্দরকে আরো উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।
বেলা সোয়া ৪টার দিকে সংবাদ সম্মেলনের শুরুতেই ভারতের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর মৃত্যুতে শোক প্রকাশ করেন খালেদা।
গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/জিএনএ/১৭৫১ ঘ.
bdnews24