২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তি নিয়ে উৎকণ্ঠিত: খালেদা

সম্ভাব্য তিস্তা চুক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ আগের মতোই গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করতে চায়। যাতে বাংলাদেশের স্বার্থহানি ঘটবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 10:43 AM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভাব্য তিস্তা চুক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ আগের মতোই গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করতে চায়। যাতে বাংলাদেশের স্বার্থহানি ঘটবে। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন পর রোববার বিকালে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপ কখনো নেয়নি দাবি করে খালেদা বলেন, তারা বিষয়টি ভারতের করুণার ওপর ছেড়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর সফরে ভারত লাভবান হয়েছে দাবি করে তিনি বলেন, এ সফরে তিনি ভারতকে সব উজাড় করে দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর ভারতের জন্য শতভাগ সফল হলেও বাংলাদেশ কিছু পায়নি। শেখ হাসিনা তার সফর শতভাগ সফল বলে জানিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা দাবি করেন, বন্দর ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন। চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ এবং মংলা বন্দর ১০ শতাংশ বর্তমানে ব্যবহার হয় জানিয়ে প্রধানমন্ত্রী শনিবার বলেছিলেন, এ দুটি বন্দরকে আরো উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে। বেলা সোয়া ৪টার দিকে সংবাদ সম্মেলনের শুরুতেই ভারতের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর মৃত্যুতে শোক প্রকাশ করেন খালেদা। গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দিন খালেদার সংবাদ সম্মেলনের ঘোষণা থাকলেও পরে তা পিছিয়ে দেন বিএনপি চেয়ারপারসন। প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা বলছে, এসব চুক্তির মাধ্যমে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। তবে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দেশের স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন এবং তাতে জয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৯ ঘ.