ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের এক বছরে চাওয়া-পাওয়া নিয়ে দলীয় নেতা-কর্মীদের অসন্তোষের প্রেক্ষাপটে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তার দল মহাজোটের উপেক্ষিত অংশ নয়।
চাওয়া-পাওয়া নিয়ে বিভিন্ন সময় জাতীয় পার্টির নেতা-কর্মীদের অসন্তোষের বহিঃপ্রকাশ এক বছরের বিভিন্ন সময় ঘটেছে। গত ৬ জানুয়ারি পল্টনের সমাবেশে এরশাদ নিজেও বলেন, "আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক রয়েছে।"
রোববার রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথসভায় এরশাদ বলেন, "জাতীয় পার্টি থাকলে সরকার টিকে থাকবে, জোট টিকে থাকবে- এ বিশ্বাস মানুষের মধ্যে জন্মেছে। জাতীয় পার্টি মহাজোটের বড় অংশ, উপেক্ষিত কোনো অংশ নয়।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারে জাতীয় পার্টির একজন মন্ত্রী রয়েছেন। তবে দলটি নির্বাচনের আগে বলে আসছিলো, মহাজোট ক্ষমতায় গেলে এরশাদ রাষ্ট্রপতি হবেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী মহাজোটে উপেক্ষিত একটি অংশ রয়েছে, তবে তারা কারা তা স্পষ্ট করেননি তিনি।
মহাজোটে জাতীয় পার্টি ছাড়াও রয়েছে বাম ধারার রাজনৈতিক কয়েকটি দল।
জোটে অবস্থান মজবুত করতে দলের শক্তি বাড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, "দুর্ভাগার সঙ্গে কেউ হাত মেলায় না। শক্তিশালী মানুষের সঙ্গে বন্ধুত্ব করে। আপনারা শক্তি অর্জন করুন। দলকে শক্তিশালী করুন।"
এককভাবে নির্বাচনের সক্ষমতা অর্জনের জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24