ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন পর রোববার বিকালে সংবাদ সম্মেলন করছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
শেখ হাসিনা তার সফর সফল বলে এলেও বিএনপি বলে আসছে, ওই সফরে বাংলাদেশ লাভবান হয়নি।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দিন খালেদার সংবাদ সম্মেলনের ঘোষণা থাকলেও পরে তা পিছিয়ে দেন বিএনপি চেয়ারপারসন।
দীর্ঘদিন ধরে বিএনপি যেহেতু সংসদে যাচ্ছে না, তাই এ সংবাদ সম্মেলনে তারা ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে।
যদিও প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে শনিবার বলেছেন, তারা সংসদে ফিরলে যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবেন।
খালেদার সংবাদ সম্মেলন হবে বিকাল সাড়ে ৩টায় তার গুলশানের কার্যালয়ে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে বিরোধী দলের নেতা তার দলের অবস্থান তুলে ধরবেন।"
প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা বলছে, এসব চুক্তির মাধ্যমে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে।
তবে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দেশের স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন এবং তাতে জয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩০ ঘ.
bdnews24