২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তি নিয়ে আশাবাদ হাসিনার

ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পানি বণ্টনের আলোচনা এগিয়ে না নেওয়ার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, এক্ষেত্রে যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিপাইমুখ প্রকল্পের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করা হবে না- ভারতের পক্ষ থেকে এমন স্পষ্ট আশ্বাসও মিলেছে বলে জানান শেখ হাসিনা। প্রায় ২৫ মিনিটের লিখিত বক্তব্যে ভারত সফরের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, "ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। একাত্তরে শহীদ ৩০ লাখ মানুষের রক্তের সঙ্গে ১৮ হাজার মিত্র (ভারতীয়) সৈন্যের রক্তও মিশে আছে।" ভারত সফরের সময় করা চুক্তি ও সমঝোতা স্মারকের কথাও জানান প্রধানমন্ত্রী। সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। প্রধান বিরোধী দলকে সংসদে ফিরতে পুনরায় আহ্বান জানিয়েছেন সংসদ নেতা হাসিনা। সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী জানান, চালের দাম বৃদ্ধির কারণ সরকার খতিয়ে দেখবে। সরকারের এক বছরের কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। "চালের দাম বৃদ্ধির কথা নয়, হঠাৎ করে কেন তা বাড়ালো তা খতিয়ে দেখা হচেছ।" সফরে মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা। ওই পুরস্কার তিনি জনগণকে উৎসর্গ করেছেন। পুরস্কারের অর্থও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরে খোলা জায়গায় এ সংবাদ সম্মেলন হয়। এতে সাংবাদিক ছাড়াও আমন্ত্রণ পান বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থার সম্পাদকরা। আওয়ামী লীগ প্রধান হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক মিত্ররাও। সফর নিয়ে প্রধান বিরোধী দল বিএনপিসহ তার রাজনৈতিক মিত্ররা যখন সমালোচনায় মুখর, তখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে মিত্রদের অংশগ্রহণ তার প্রতি সমর্থনের বিষয়টিই স্পষ্ট করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নেতাদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণআজাদী লীগের আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের অসিত রায় প্রমুখ। আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন- উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়েদুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ মন্ত্রিসভার সদস্যরাও ছিলেন সংবাদ সম্মেলনে। চার দিনের ভারত সফর শেষে গত বুধবার দেশে ফেরেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সফরকে শতভাগ সফল বললেও প্রধান বিরোধী দল বিএনপির দাবি, ওই সফর ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৭০০ ঘ.