২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম বৃদ্ধি খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রী

চালের দাম বৃদ্ধির কারণ সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 10:38 AM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম বৃদ্ধির কারণ সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে সরকারের এক বছরের কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। "চালের দাম বৃদ্ধির কথা নয়, হঠাৎ করে কেন তা বাড়ালো তা খতিয়ে দেখা হচেছ।" প্রায় ২৫ মিনিটের লিখিত বক্তব্যে ভারত সফরের বিভিন্ন তথ্য তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, "ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। একাত্তরে শহীদ ৩০ লাখ মানুষের রক্তের সঙ্গে ১৮ হাজার মিত্র (ভারতীয়) সৈন্যের রক্তও মিশে আছে।" ভারত সফরের সময় করা চুক্তি ও সমঝোতা স্মারকের কথাও জানান প্রধানমন্ত্রী। সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। সফরে মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা। ওই পুরস্কার তিনি জনগণকে উৎসর্গ করেছেন। পুরস্কারের অর্থও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরে খোলা জায়গায় এ সংবাদ সম্মেলন হচ্ছে। এতে সাংবাদিক ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থার সম্পাদকরা। আওয়ামী লীগ প্রধান হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক মিত্ররাও। সফর নিয়ে প্রধান বিরোধী দল বিএনপিসহ তার রাজনৈতিক মিত্ররা যখন সমালোচনায় মুখর, তখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে মিত্রদের অংশগ্রহণ তার প্রতি সমর্থনের বিষয়টিই স্পষ্ট করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নেতাদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণআজাদী লীগের আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের অসিত রায় প্রমুখ। আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়েছেন- উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়েদুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও রয়েছেন সেখানে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন সংবাদ সম্মেলনে। চার দিনের ভারত সফর শেষে গত বুধবার দেশে ফেরেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সফরকে শতভাগ সফল বললেও প্রধান বিরোধী দল বিএনপির দাবি, ওই সফর ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৩৪ ঘ.