ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক মিত্ররাও।
সফর নিয়ে প্রধান বিরোধী দল বিএনপিসহ তার রাজনৈতিক মিত্ররা যখন সমালোচনায় মুখর, তখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে মিত্রদের অংশগ্রহণ তার প্রতি সমর্থনের বিষয়টিই স্পষ্ট করে।
বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে। এতে সাংবাদিক ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থার সম্পাদকরা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নেতাদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণআজাদী লীগের আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের অসিত রায় প্রমুখ।
আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়েছেন- উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত।
সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়েদুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও রয়েছেন সেখানে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন সংবাদ সম্মেলনে।
চার দিনের ভারত সফর শেষে গত বুধবার দেশে ফেরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সফরকে শতভাগ সফল বললেও প্রধান বিরোধী দল বিএনপির দাবি, ওই সফর ব্যর্থ হয়েছে।
সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
দেশে ফেরার পর বিমানবন্দরে প্রধানমন্ত্রী বলেন, তার সফরে ভারতের সঙ্গে যে সব সমঝোতা হয়েছে তা দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে।
এ সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সফরে মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা। ওই পুরস্কার তিনি জনগণকে উৎসর্গ করেছেন। পুরস্কারের অর্থও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সফরকালে আজমির শরিফও জিয়ারত করেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24