২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: হাফিজ ফের রিমান্ডে

অস্ত্র বহনকারী জাহাজ শনাক্ত করতে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হাফিজুর রহমানকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র বহনকারী জাহাজ শনাক্ত করতে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হাফিজুর রহমানকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম মাহবুবুর রহমান হাফিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সিআইডি'র চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচিত এ ঘটনায় অস্ত্র বহনকারী জাহাজ শনাক্ত করতেই হাফিজকে পুনরায় জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। ৫ দিনের আবেদনের পরিপ্র্রেক্ষিতে আদালত ৩ দিন মঞ্জুর করেছেন।" মনিরুজ্জামান চৌধুরী এ মামলায় অধিকতর তদন্তের দায়িত্ব নেওয়ার পর হাফিজকে তিনদফায় হেফাজতে নেওয়া হলো। এর আগে হাফিজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তার জবানবন্দির ভিত্তিতে সিআইডি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-র সাবেক দুই মহাপরিচালকসহ পাঁচ কর্মকর্তা এবং চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করে। এর আগে গত ৪ জানুয়ারি মহানগর দায়রা জজ আলোচিত এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ ষষ্ঠ দফায় আরো ৭৬ দিন বাড়ায়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি থেকে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র চালান আটক করা হয়। পরে এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দু'টি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/২০১০ ঘ.