ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-) দেশের চলচ্চিত্র শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে একটি পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং জাতীয় সমপ্রচার নীতিমালা প্রণয়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
'বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি' স্লোগানকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। নয় দিন ধরে চলবে এ উৎসব।
প্রধানমন্ত্রী বলেন, একটি শিল্পকে নান্দনিক ও প্রযুক্তিগতভাবে বিকশিত করতে হলে এ বিষয়ে জ্ঞান অর্জনের বিকল্প নেই। বর্তমানে চলচ্চিত্র নির্মাণের উন্নত প্রযুক্তি এসেছে। তাই একটি আধুনিক ফিল্ম ইনস্টিটিউট অপরিহার্য।
তিনি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে একটি ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রকল্প প্রণয়নের অনুরোধ জানান। পরে তা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা সুস্থ চলচ্চিত্র নির্মাণ ও বিকাশের পথে অন্তরায় কালাকানুন বাতিল করে নতুন চলচ্চিত্র নীতিমালা প্রণয়নেরও আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, তার সরকার নান্দনিক ছবি নির্মাণে পৃষ্ঠপোষকতা দেবে।
প্রধানমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চলচ্চিত্রকর্মীদের গবেষণা ও প্রশিক্ষণের জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছিলো। তিনি তথ্যমন্ত্রীকে ওই জায়গার ব্যাপারে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, জায়গাটা দখল হয়ে গেছে কি না দেখা দরকার। কারণ, দখলের প্রতিযোগিতাই বেশী ছিলো।
তিনি চলচ্চিত্র নির্মাতাদের সুস্থ চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, চলচ্চিত্রের মাধ্যমেই সমাজ সংস্কার করা যায়। জাতি গঠনে বিরাট ভূমিকা রাখে সংস্কৃতি। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতি বিকশিত হতে পারে না। সংস্কৃতির বিকাশে এ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
শেখ হাসিনা এ ধরনের চলচ্চিত্র উৎসব আয়োজনে সরকারি সহায়তার আশ্বাস দেন।
৬৬ টি দেশের ১৯০ টি চলচ্চিত্র নিয়ে নয়দিন তিনটি ভেন্যুতে এ উৎসব চলবে। এই তিনটি ভেন্যু হলো-জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তন, বেগম সুফিয়া কামাল মিলনায়তন এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন।
উদ্বোধনী দিনে মালয়েশিয়ার ইয়াসমিন আহমেদের চলচ্চিত্র 'টেইল এন টাইম' প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেইনবো চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিসানিয়া, উৎসব কমিটির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, ভাইস চেয়ারম্যান বাদল রহমান, একাদশ চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সাঈদ আখতার মীর্জা, জিএমজি এয়ালাইনসের জিএম আব্দুস সাত্তার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০৫০ ঘ.
bdnews24