২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বিএনপি নিধন চলছে: আলতাফ

পটুয়াখালীতে বিএনপি নিধন চলছে বলে অভিযোগ করেছেন আলতাফ হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 04:01 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে বিএনপি নিধন চলছে বলে অভিযোগ করেছেন আলতাফ হোসেন চৌধুরী। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর বাড়ি পটুয়াখালী জেলায়। সংবাদ সম্মেলনে যুবদল কর্মী পরিচয় দিয়ে দুই চোখ ওপড়ানো এক ব্যক্তিকে হাজির করে বলা হয়, আওয়ামী লীগের কর্মীরা তার এই দশা করেছে। এ সময় গত ১ জানুয়ারি পটুয়াখালী জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হামলাসহ বিভিন্ন থানায় নেতা-কর্মীদের ওপর কথিত হামলার বিবরণ দেওয়া হয়। আলতাফ বলেন, "পটুয়াখালীতে এখন বিএনপি নিধন চলছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডবে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। নেই মত প্রকাশের স্বাধীনতা। এমনকি প্রশাসনিক সহায়তা থেকেও সাধারণ মানুষ বঞ্চিত।" পটুয়াখালীতে আইন তার নিজস্ব গতি হারিয়েছে মন্তব্য করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "থানায় অভিযোগ করা হলে পুলিশ নিরব ভূমিকা পালন করেন। কোনো সহযোগিতা প্রশাসনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। বরং উল্টো মামলা দিয়ে দলের অনেক নেতা-কর্মীকে এখন এলাকা ছাড়া করতে বাধ্য করা হচ্ছে। হাটবাজার, খাল-নদী, খেয়াঘাটসহ সর্বত্র চলছে দখলবাজী।" তিনি সরকারি দলকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান ওমর, সহ-সভাপতি সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, শাহ নেসারুল হক, মুনীরুজ্জামান মুনীর, জেবা খান ও পটুয়াখালী বিএনপির নেতা এমএ রব মিয়া, পান্না মিয়া, একেএম ফারুক খান, তৌফিক আলী খান কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/২২০১ ঘ.