ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বুধবার রাতে এক জরুরি বৈঠকে বসে। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত গোপন রাখা হয়েছে।
গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে রাত সাড়ে ৯ টায় এই বৈঠক শুরু হয়ে তা শেষ হয় রাত সোয়া এগারোটার দিকে। খালেদা জিয়া এতে সভাপতিত্ব করেন।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অপেক্ষমান সাংবাদিকদের শুধু বলেন, বৈঠকে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে।
দলের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২ টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্যাপারে ব্রিফ করা হবে।
৮ ডিসেম্বর দলের পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠান শেষে নতুনভাবে ১৯ সদস্যের স্থায়ী কমিটি গঠনের পর এটি ওই কমিটির প্রথম বৈঠক।
বৈঠকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশারররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিঞা, আবদুল মঈন খান ও সালাহউদ্দিন কাদের চৌধুরী যোগ দেন।
এর আগে খালেদা জিয়া শিক্ষাবিদসহ বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গে একান্ত বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৪৯ঘ.
bdnews24