২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করেছেন হাসিনা

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পুরস্কারের অর্থ জনকল্যাণে ব্যয়ের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে দান করার ঘোষণাও দিয়েছেন তিনি। বুধবার বিকালে দেশে ফিরে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। শেখ হাসিনা মঙ্গলবার নয়া দিল্লিতে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ পুরস্কারে একটি প্রশংসাপত্র এবং ২৫ লাখ রুপি দেওয়া হয়। নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। প্রধানমন্ত্রী বলেন, "এ পুরস্কার আমার একার নয়, এদেশের জনগণের। আমি দেশের জনগণকে এ পুরস্কার উৎসর্গ করছি।" বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে পুরস্কারের অর্থ দেওয়ার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, "বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট দেশের শিক্ষার্থীদের প্রতি মাসে বৃত্তি প্রদান ও জনগণকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।" হাসিনা জানান, পুরস্কারের কিছু অর্থ তিনি ইন্দিরা গান্ধী ট্রাস্টকে দিতে চেয়েছিলেন। কিন্তু ওই ট্রাস্টের অর্থায়নেই পুরস্কারটা দেওয়া হয় বলে তারা সম্মত হয়নি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে শেখ হাসিনা জানান, এ ট্রাস্ট বর্তমানে প্রতিমাসে ১২০০ থেকে ১৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। সারাদেশে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিতে তারা ১০ জানুয়ারি থেকে বিশেষ কর্মসূচি নিয়েছে। 'শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারের জন্য' শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য মনোনীত করা হয় বলে ইন্দিরা গান্ধী মেমেরিয়াল ট্রাস্ট জানায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে আন্তর্জাতিক জুরি বোর্ড গত বছরের নভেম্বরে হাসিনাকে পুরস্কারের জন্য মনোনীত করে। বাংলাদেশীদের মধ্যে এর আগে ১৯৯৮ সালে এ পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস। ১৯৮৬ সাল থেকে চালু এ পুরস্কার পাওয়াদের মধ্যে রয়েছেন- কফি আনান, বিল গেটস, মিখাইল গর্বাচভ, হামিদ কারজাই প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০৪০ঘ.