চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে ট্রানজিট এবং চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার প্রতিবাদে বুধবার নগরীতে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতা আমীর খসরু ও আবদুল্লাহ নোমানের অনুসারী নেতা-কর্মীরা।
বিকালে মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থকরা চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিমতলা বিমান চত্বরে সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, বন্দর বিএনপির সভাপতি এম এ আজিজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আত্মঘাতী চুক্তি করেছেন। ভারতকে ট্রানজিট এবং চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
অচিরেই এসব দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ। অন্যথায় চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম বন্দর এলাকা সংলগ্ন সড়কগুলো প্রদক্ষিণ করে।
অপরদিকে মহানগর বিএনপি'র নাসিমন ভবনস্থ কার্যালয়ের সামনে বিকালে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সমর্থক নেতা-কর্মীরা পৃথক সমাবেশ-মিছিল করে।
এতে নোমান ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, এনামুল হক, আহমদ খলিল খান, মাহবুবুর রহমান শামীম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৮ ঘ.
bdnews24