ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
বুধবার ভারত থেকে ফিরলে বিমানবন্দরে তাকে এ সংবর্ধনা দেওয়া হবে।
মঙ্গলবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শেখ হাসিনা চারদিনের সফরে বর্তমানে ভারত রয়েছেন।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করেন তিনি। হাসিনা ও মনমোহনের মধ্যে প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকের পর বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।
শেখ হাসিনা মঙ্গলবার ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-ঊল-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল (বুধবার) জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিপুল সংবর্ধনা দেওয়া হবে।"
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল শেরাটন পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24