চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপি'র বিবদমান দুই পক্ষ সোমবার পৃথকভাবে 'কালো দিবস' পালন করেছে।
বিকেলে মহানগর বিএনপি'র সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা নগরীর লালদীঘির মাঠে এবং দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সমর্থকরা নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে আলাদা সমাবেশের আয়োজন করে।
মহানগর বিএনপি'র ব্যানারেই উভয়পক্ষ এ সমাবেশ করে।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনকে জনগণের সাংবিধানিক অধিকার স্থগিত করার দিন আখ্যা দিয়ে বিএনপি 'কালো দিবস' হিসেবে পালন করছে।
২০০৭ সালের এ দিনে তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপরই তার সরকার বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা নিয়োগ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। ফখরুদ্দীন সরকার প্রতিষ্ঠার পেছনে সেনাবাহিনীর প্রধান ভূমিকা ছিল বলে দেশ-বিদেশের পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়।
লালদীঘি মাঠে মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারকে ওয়ান-ইলেভেন সরকারের 'স্টেম সেল' অভিহিত করে বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের সঙ্গে বর্তমানের কোনো পার্থক্য নেই। তারা একই।"
বর্তমান সরকার ১৫ কোটি মানুষের কোনো অধিকারকে পাত্তাই দিচ্ছেন না অভিযোগ করে আমীর খসরু বলেন, তারা এখন বিদেশী শক্তিকে দেওয়া ওয়াদা পূরণে ব্যস্ত।
বিগত তত্ত্বাবধায়ক সরকারকে ইঙ্গিত করে সাবেক এই মন্ত্রী বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করে নিজেদের উচ্চাকাঙ্খা চরিতার্থ করতে চেয়েছিল, তাদের বিচার বর্তমান সরকার করছে না।
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ওয়ান-ইলেভেনের নায়কদের বিচার করা বলে তিনি সমাবেশে ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে আমীর খসরু বলেন, দেশের জনগণ ভালোভাবে তার এ সফর পর্যবেক্ষণ করছে। সফরকালে দেশের 'স্বার্থবিরোধী' কোনো চুক্তি হলে চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপি'র সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
অপরদিকে দলীয় কার্যালয়ের সামনে নোমানপন্থীদের সমাবেশে বক্তারা নিজেদেরকে ওয়ান-ইলেভেনের সময়ের 'ত্যাগী' নেতা বলে দাবি করেন।
তারা আরো বলেন, ওই পট পরিবর্তনের সময়কে দিয়েই বিএনপির কারা 'ত্যাগী' ও কারা 'সুবিধাবাদী' সেটা চেনা গেছে।
সমাবেশে নোমানপন্থী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমিক সম্পাদক এমএম নাজিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, আবদুস সাত্তার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১২ ঘ.
bdnews24