ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ১১ জানুয়ারিতে 'ক্ষমতা দখলকারীদের' বিচার দাবি করেছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় দলের এক আলোচনা সভায় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই দাবি করেন।
দেলোয়ার বলেন, '' যারা ১/১১ এর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলো, তাদের বিচার করতে হবে। কেবল তাই নয়, যারা ওই সময়ে ষড়যন্ত্রকারীদের দালাল হিসেবে চিহ্নিত হয়েছে, তাদেরও বিচার করার দাবি জানাচ্ছি আমরা। ''
'বিরাজনীতিকরণের' ১১ জানুয়ারিকে কালো দিবস হিসেবে যারা পালন করছে না তাদের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দেলোয়ার বলেন, '' যারা আজ কালো দিবস পালন করছে না, তারাও ১১ জানুয়ারির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলো বলে আমরা মনে করি।''
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে '১১ জানুয়ারি কালো দিবস' উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
বিএনপি এদিনকে জনগণের সাংবিধানিক অধিকার স্থগিত করার দিন আখ্যা দিয়েছে।
সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর 'সেনা সমর্থিত' একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এ সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে অনেক রাজনৈতিক নেতাকেও গ্রেপ্তার করা হয় যাকে অনেক দল বিরাজনীতিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে চিহ্নিত করেছিল।
'কালো দিবস' উপলক্ষে দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বিকালে এ আলোচনা সভা হয়। মঙ্গলবার বিকালে নয়া পল্টনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে।
সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব ১১ জানুয়ারির 'প্রেক্ষাপট' ব্যাখ্যা করে বলেন, '' এটি গণতন্ত্রকে বিনষ্ট করে অসাংবিধানিক পথে ক্ষমতা দখলে নীল নকশার পরিকল্পনা। বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেশে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ জানুয়ারি সৃষ্টি করা হয়েছে।''
ওই সময় বন্দি হওয়া দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ নেতাদের নির্যাতন করা হয়েছিল বলেও দেলোয়ার অভিযোগ করেন।
দেশবাসীকে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ''দেশের এখন ক্রান্তিকাল চলছে। আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।''
তারেক রহমানের আশু আরোগ্যলাভ কামনা করে তিনি বলেন,'' সুস্থ হলে তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন-এটাই আমরা প্রত্যাশা করি।''
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিঞা, সালাহউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা ও সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য দেন। আরো উপস্থিত ছিলেন জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, আবদুল আউয়াল মিন্টু, সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
এছাড়া দিবসটি উপলক্ষে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সমাবেশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১৩ঘ.
bdnews24