ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের 'বিক্রি ঠেকাতে' কাউন্সিলে 'বীমা পলিসি' প্রবর্তন করে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী।
সোমবার বিকালে ১১ জানুয়ারি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনকে বিএনপি 'কালো দিবস' হিসেবে পালন করছে।
সালাহউদ্দিন কাদের বলেন, "১/১১ এ আমাদের দলের অনেকেই সতীত্ব হারিয়েছিলেন। আর আগামীতে যাতে দলকে কেউ বিক্রি করতে না পারে, সেজন্য পঞ্চম কাউন্সিলে নতুন বীমা পলিসি চালু করে জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছি। আর কেউ এই দলকে বিক্রি করতে পারবে না।''
গত ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১/১১ এর পট পরিবর্তনের পর গ্রেপ্তার হওয়া বিএনপির এই জ্যেষ্ঠ নেতা ওই সময় সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে সমর্থনদানকারী মহল এবং গণমাধ্যমে কতিপয় জ্যেষ্ঠ সাংবাদিকদের ভূমিকারও কঠোর সমালোচনা করেন।
বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য সাবেক সেনাপ্রধানের কঠোর সমালোচনা করে বলেন, মইন উ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যানপাওয়ার এজেন্সিতে রূপান্তরিত করেছিলেন। তিনি একজন দালাল হিসেবে বিদেশীদের ভাড়া খেটেছে। ওই সময় আইনজীবী রফিকুল হক ছাড়া সুপ্রিমকোর্টের অধিকাংশ সিনিয়র আইনজীবীও সতীত্ব হারিয়েছিলেন।
তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও কঠোর সমালোচনা করেন।
এ প্রসঙ্গে সালাউদ্দিন কাদের বলেন, ''তারা ক্ষমতায় যেতেই ওই ষড়যন্ত্রকারী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছে। আওয়ামী লীগ আঁতাত করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে। তবে এ দলের এ ধরনের আত্মসমর্পণ আরও অনেকবার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৭ ঘ.
bdnews24