ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠকের তথ্য-প্রমাণ দেখানোর দাবি জানিয়েছে বিএনপি।
ওই বৈঠকের প্রমাণ আছে বলে সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, "তথ্য আছে বললে চলবে না। থাকলে জাতির সামনে তা উপস্থাপন করতে হবে।"
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, "বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরকালে কারাবন্দি উলফা নেতা অনুপ চেটিয়ার দেড় ঘণ্টার একটি বৈঠক হয়েছিলো।"
এরপরই ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়।
আশরাফের ওই বক্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্য করে দেলোয়ার শনিবার বলেন, ওই বৈঠকের কোনো প্রমাণ তার কাছে থাকলে তা জানাতে হবে।
আশরাফ এরপর রোববার সকালে সাংবাদিকদের বলেন, "তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণ ছাড়া এ ধরনের কথা বলিনি।"
উলফা নেতা অনুপ চেটিয়া ১০ বছর ধরে বাংলাদেশে কারাবন্দি।
দেলোয়ার রোববার বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। সরকারের একজন দায়িত্বপূর্ণ পদে থেকে দায়িত্বহীনভাবে কথা বলা উচিত নয়।"
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতাদের সঙ্গে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন দেলোয়ার। এরপরই সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি মহাসচিব বলেন, "এ সফর নিয়ে জাতির অনেক প্রত্যাশা। প্রধানমন্ত্রী এতে ব্যর্থ হলে দেশ গভীর সঙ্কটে পড়বে।"
চার দিনের সফরে রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন শেখ হাসিনা।
গত ১ জানুয়ারি ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরা শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24