ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা প্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে সাবেক বিএনপি সাংসদ ইকবাল হাসান মাহমুদ টুকুর মামলা চলবে।
মানহানির মামলাটির আরজি খারিজ চেয়ে মইন যে আবেদন করেছিলেন, তা আদালত রোববার খারিজ করে দিয়েছে।
এ মামলায় সাবেক সেনা প্রধানের সম্পত্তি ক্রোকের জন্য টুকু যে আবেদন করেছিলেন, তার শুনানির জন্য আগামী ৩১ জানুয়ারি তারিখ ধার্য হয়েছে।
ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম দুপুরে মইনের আবেদন খারিজ করে টুকুর অন্য আবেদনের শুনানির দিন ধার্য করেন বলে সাবেক সেনা প্রধানের কৌঁসুলি সঞ্জিত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
১০০ কোটি টাকা ক্ষতিপূরণের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী টুকু গত বছরের ১২ জুলাই মামলাটি দায়ের করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান ২০০৮ সালের পত্র-পত্রিকায় প্রকাশিত মইন উ আহমেদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে।
ওই বক্তব্য মিথ্যা দাবি করে ইকবাল হাসান মামলায় বলেন, এদের তার মানহানি হয়েছে। এ জন্য তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছেন।
গত বছরের ১৫ জুন অবসরে যাওয়ার পর মইন উ আহমেদ যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই এ মামলা হয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পেছনে সেনাবাহিনী তথা মইন উ আহমেদের একটি জোরালো নেপথ্য ভূমিকা ছিলো বলে ব্যাপকভাবে মনে করা হয়। তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দেওয়ার কথা মইন নিজেও স্বীকার করেন।
জরুরি অবস্থার মধ্যে অন্য অনেক রাজনীতিবিদের মতো ইকবাল হাসানও গ্রেপ্তার হয়ে অন্তরীণ হন। কারাগারে যেতে হয় তার স্ত্রী রুমানা মাহমুদ এবং তাদের দুই সন্তানকেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৩২ ঘ.
bdnews24