২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৫

রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্র্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 04:03 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

রাঙামাটি, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্র্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার প্রথমবর্ষের এক ছাত্রের মিছিল যোগ দেওয়াকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ শেষ করে। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করার প্রস্তুতি নেয়। আরিফ নামে প্রথমবর্ষের এক ছাত্র ছাত্রদলের মিছিল সমাবেশে যোগ দিতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। তারা আরিফকে টেনে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রদল কর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলে। আহতদের মধ্যে ছাত্রদল কর্মী মোরশেদুল ইসলাম (১৯), ইমরান চৌধুরী সুজন (২২) ও নজরুলকে (১৯) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক আমজাদ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় তাদের সাত নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ইমরানের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন। ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি পঞ্চানন ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক মো. শাহজামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ক্যাম্পাসে সাংগঠনিক কর্মকাণ্ড শেষ করে বাড়ি ফেরার পথে বহিরাগত ছাত্রদল নেতা সুমন, রুবেলসহ ১০ থেকে ১২জনের একটি দল এবং কলেজ শাখা ছাত্রদলের নেতার্মীরা পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। রাঙামাটি সদর থানার ওসি বাবুল উদ্দিন সরকার জানান, উভয়পক্ষের অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কলেজের অধ্যক্ষ সিরাজুল করিম দাবি করেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে ক্যাম্পাসের বাইরে। কলেজ যথারীতি চলবে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.