ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরে দেশের 'স্বার্থ পরিপন্থী' কোনো চুক্তি না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
শেখ হাসিনার ভারত সফরের এক দিন আগে শনিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় তারা।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় অপরাধ দমন বিষয়ে উভয় দেশের মধ্যে তিনটি চুক্তি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
চুক্তিগুলো হলো: অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জোটবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
বাম মোর্চার নেতারা বলেন, কাঁটাতারের বেড়ার কারণে ভারতের কোনো সন্ত্রাসীর বাংলাদেশে প্রবেশের সুযোগ নেই। বাংলাদেশেরও কোনো সন্ত্রাসীও ভারতে নেই। তাই এ চুক্তিতে বাংলাদেশের কোনো লাভ হবে না।
অপরাধী হস্তান্তর চুক্তির মাধ্যমে ভারত সে দেশের সাত অঙ্গরাজ্যের 'মুক্তিকামী' নেতাদের আটকের প্রচেষ্টা চালাবে আশঙ্কা করে সে চুক্তিতে সায় না দেওয়ার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোর্চার নেতারা বলেন, এতে বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হবে।
বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সেগুনবাগিচার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু।
তিনি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের জন্য 'দায়ী' ভারত থেকে ক্ষতিপূরণ আদায়, বিএসএফের হাতে বিডিআর ও কৃষক হত্যা বন্ধ, এশিয়ান হাইওয়ের নামে ট্রানজিট বা কড়িডোর দেওয়া বন্ধ এবং বাণিজ্য বৈষম্য দূর করতে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিপু বিশ্বাস, আব্দুস সালাম, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, বদরুল আলাম ও মইনুদ্দিন চৌধুরী লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24